ইরান সরকার তাকে হত্যা বা হত্যার চেষ্টা করলে দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেওয়া আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের দিকে ইতোমধ্যে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরানের পক্ষ থেকে তাকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের খবর প্রকাশের পর তিনি এ বক্তব্য দিলেন।
ট্রাম্প বলেন, ইরান সরকার বিশ্বের যেকোনো স্থান থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো হবে।
তিনি দাবি করেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। তারা হুমকি কার্যকর করলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে আঘাত হানবে।’
ট্রাম্প আরও জানান, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, কোনো হামলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক আঘাত হানতে প্রস্তুত রয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র কোথায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি।
ট্রাম্পের হুমকির আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সম্ভাব্য একটি হত্যা পরিকল্পনা সম্পর্কিত নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ইরান ওই অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
২০২০ সালের জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানি নিহত হন। এরপর থেকেই ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার বক্তব্য দেওয়া হয়েছে। ইরানি হুমকির আশঙ্কায় এর আগেও ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এদিকে হরমুজ প্রণালি ও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে।
তবে ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে আলাদা কোনো বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ট্রাম্পের দাবি করা এক হাজার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ