যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে ওয়াশিংটন সমঝোতা স্মারক থেকে সরে গেলে তেহরান পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ইরান দৃঢ়ভাবে তার মোকাবিলা করবে।
তিনি বলেন, ‘আমেরিকানরা যেকোনো মুহূর্তে এই সমঝোতা ভঙ্গ করলে আমরা পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত। আমরা তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করব।’
যুদ্ধের অবসান বিশ্ববাসীর অগ্রাধিকার হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলেও মন্তব্য করেন দেশটির এই শীর্ষ আলোচক।
গালিবাফ বলেন, ‘যুদ্ধের অবসান বিশ্বের দেশগুলোর অগ্রাধিকার। তবে সবাইকে জানতে হবে, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাত কখনো শেষ হবে না।’
এ সময় মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে অবস্থান নিতে হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার মধ্যেই গালিবাফ এই কঠোর বার্তা দিলেন। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার কারণে দুই দেশের মধ্যকার উত্তেজনা আবারও বেড়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ