কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। এবার তাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারায় সুইসরা। ১৯৫৪ সালের পর এটিই বিশ্বকাপে তাদের প্রথম কোয়ার্টার ফাইনাল।
তবে শেষ আটে সুইজারল্যান্ডের পরীক্ষা আরও কঠিন। প্রতিপক্ষ আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন এবং দলটির নেতৃত্বে রয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে আট গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই ম্যাচ সুইজারল্যান্ডের জন্য পুরোনো এক ক্ষত মুছে দেওয়ার সুযোগও। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে বিদায় নিয়েছিল তারা। বর্তমান দলের অধিনায়ক গ্রানিত জাকা ও রিকার্দো রদ্রিগেজ সেই ম্যাচেও সুইস দলে ছিলেন।
জাকা জানিয়েছেন, শুধু মেসিকে ঘিরে পরিকল্পনা না করে দল হিসেবে আর্জেন্টিনাকে মোকাবিলা করতে চান তারা। সুইস অধিনায়কের মতে, সেমিফাইনালে ওঠার এই সুযোগ তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। কোচ মুরাত ইয়াকিনও মনে করেন, বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে মেসির প্রভাব সীমিত করা সম্ভব।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। হাঁটুর চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না মিডফিল্ডার ইয়োহান মানজাম্বি। এবারের বিশ্বকাপে তিন গোল ও দুটি গোলে সহায়তা করা এই ফুটবলার সুইসদের অন্যতম সেরা পারফরমার।
গোলপোস্টের নিচে গ্রেগর কোবেল এবং মাঝমাঠে জাকা ও রেমো ফ্রয়লারের দৃঢ়তা আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে সুইসদের প্রধান ভরসা। অন্যদিকে মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজদের নিয়ে শক্তিশালী আক্রমণভাগ রয়েছে আর্জেন্টিনার।
কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের সংগঠিত ফুটবল ও রক্ষণাত্মক শৃঙ্খলা ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। সাত দশকের অপেক্ষা শেষে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইসদের সামনে এখন আরও বড় ইতিহাস গড়ার হাতছানি। আর আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
সূত্র: রয়টার্স














মন্তব্যসমূহ