মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান নতুন একটি পরিকল্পনা করেছে বলে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরাইল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই ওয়াশিংটনের কাছে নতুন সতর্কবার্তা পাঠিয়েছে ইসরাইল। একটি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসছিল। তবে ইসরাইলের দেওয়া সর্বশেষ তথ্যটি নতুন ও একটি নির্দিষ্ট ষড়যন্ত্রকেন্দ্রিক।
ইসরাইলের দাবি করা পরিকল্পনাটির ধরন, সময় বা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত স্বাধীনভাবে ওই তথ্য যাচাই করতে পারেনি। ইসরাইল সতর্ক করার আগে এমন কোনো নির্দিষ্ট পরিকল্পনার ওপর মার্কিন সংস্থাগুলো নজরদারি করছিল না বলেও সূত্রগুলো জানিয়েছে।
তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে ইসরাইল এই গোয়েন্দা তথ্য সামনে এনে থাকতে পারে। মার্কিন গোয়েন্দা মহলের একটি অংশ ইসরাইলের দেওয়া তথ্যের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
২০২০ সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমান ও সাবেক কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তাও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলের সতর্কবার্তা নিয়ে হোয়াইট হাউস সরাসরি মন্তব্য না করে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করেছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান তাকে হত্যা করতে চায় এবং তাদের হত্যার তালিকায় তার নাম শীর্ষে রয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি সম্প্রতি জানতে পেরেছেন যে ইরানের একটি নতুন তালিকায় তাকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্য হিসেবে রাখা হয়েছে। তবে তিনি ইসরাইলের দেওয়া নতুন গোয়েন্দা তথ্যের কথাই বলছিলেন কি না, তা স্পষ্ট নয়।
এদিকে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে দুই দেশ।
একাধিক কর্মকর্তার দাবি, বৃহস্পতিবার রাতেও ইরানে হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে অভিযানটি স্থগিত রাখা হয়।
সূত্র: সিএনএন














মন্তব্যসমূহ