প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ১০ জন জেলা প্রশাসকও রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকেরা হলেন গাজীপুরের মো. নূরুল করিম ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্ব পালনরত আরও সাতজন উপসচিবের পদোন্নতির কথা জানানো হয়।
পদোন্নতির তালিকায় প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন, ২১তম ও ২২তম ব্যাচ থেকে ৩৩ জন এবং ২৪তম ব্যাচ থেকে ৪৭ জন কর্মকর্তা রয়েছেন।
মন্তব্যসমূহ