অর্থ পাচার, লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাদের আগে নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরপর দেশের মানুষ সিদ্ধান্ত নেবে, তারা আবার রাজনীতি করার সুযোগ পাবে কি না।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ লুটপাট ও পাচার, গণহত্যা, গুম এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের বিচার না করে দেশবাসীকে উদ্ধারের কথা বলার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, যারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার সঙ্গে জড়িত থেকে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। এসব ঘটনার জন্য জনগণের কাছে জবাব দেওয়া এবং নিঃশর্ত ক্ষমা চাওয়াও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজগুলা করে গেছেন, যেসব গণহত্যা চালিয়েছেন, ব্যাংক লুট করেছেন, গুম করেছেন, সেগুলার বিচার আগে হোক, সেগুলার জবাব দিক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কিনা! বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান, আদালত যেই রায় দিয়েছেন সে রায় বাস্তবায়ন হোক, তারপরে দেখা যাবে আপনাদের সংগঠন কোন পর্যায়ে আপনাদেরকে জনগণ দাঁড় করায়।’
প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে চলে গিয়ে আবার বাংলাদেশের মানুষকে উদ্ধারের কথা বলা হচ্ছে। যারা এমন বক্তব্য দিচ্ছেন, তাঁরা কীভাবে জনগণকে উদ্ধার করবেন, তা দেশের মানুষ ভালোভাবেই জানেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের অগ্রগতিতে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের কলম যেমন শক্তিশালী, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরাও সমাজের বাস্তবতা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সংবাদমাধ্যমের কাজের ধরন বদলে যাচ্ছে। মুদ্রিত সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি বাড়ছে।
তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফটোসাংবাদিকরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের অধিকার রক্ষায় তাঁদের ভূমিকা অব্যাহত রাখা প্রয়োজন।
ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও বক্তব্য দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, তাঁদের দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সরকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।














মন্তব্যসমূহ