পাকিস্তান সফরে দেশটির বিশিষ্ট কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সমাধি পরিদর্শনের সময় তিনি ফাতিহা পাঠ করেন। এ ছাড়া পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের বরাতে এসব কর্মসূচির কথা জানা গেছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল ইসলামাবাদ ও লাহোরে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর করাচি সফর করে।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। এ সফরকে দুই দেশের সংসদীয় যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি। এ ছাড়া সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান এবং বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।
এর আগে করাচি বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি এবং প্রাদেশিক পরিষদের সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ।
স্বাগত অনুষ্ঠানে সিন্ধু প্রাদেশিক পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদও উপস্থিত ছিলেন।
সফরের কর্মসূচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
দুই দেশের আইনসভার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করাই এ সরকারি সফরের অন্যতম উদ্দেশ্য।














মন্তব্যসমূহ