দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনায় অংশ নিতে চায়। পাশাপাশি সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ, সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে।
দলের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের সঙ্গে সংলাপ হলে জামায়াত এককভাবে অংশ নেবে না। ১১ দলীয় ঐক্যের সব শরিককে সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায় দলটি।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে সরকারের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশগ্রহণের পদ্ধতি নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, আলোচনার পর ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সরকারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের সংলাপ অনুষ্ঠিত হলে সেখানে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে এনসিপি এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিয়েছে। নির্বাচন কমিশনের সংলাপেও দলটি এককভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে দুই দলের সংলাপসংক্রান্ত অবস্থানে কিছুটা পার্থক্য রয়েছে।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সংলাপ নিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, জামায়াত জানিয়েছে, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই সংলাপে অংশ নিতে চায় তারা। এ অবস্থান থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত নেই।
সংলাপের স্থান নিয়েও সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান জুবায়ের।
তাঁর বক্তব্য অনুযায়ী, সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজন করতে হবে।
জামায়াতের নেতারা মনে করছেন, জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে সংলাপের ক্ষেত্রে সব পক্ষের অংশগ্রহণ এবং আলোচনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে সরকারের সঙ্গে সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি সামনে এনেছে দলটি।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, সাধারণ বৈঠক এবং রাজনৈতিক সংলাপ এক বিষয় নয়।
তাঁর মতে, রাজনৈতিক সংলাপে বিভিন্ন পক্ষের দাবি তুলে ধরা হয় এবং মতপার্থক্য দূর করে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হয়। সে কারণে সংলাপের স্থান নিরপেক্ষ হওয়া প্রয়োজন।
হামিদুর রহমান আযাদ জানান, জুলাই সনদ বাস্তবায়ন তাঁদের প্রধান শর্ত। সনদের বাস্তবায়ন হলে দেশের বিদ্যমান রাজনৈতিক সমস্যার বড় অংশের সমাধান সম্ভব হবে বলে মনে করেন তাঁরা।
তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জামায়াত দলীয়ভাবে নয়, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেই সংলাপে অংশ নিতে চায়।
অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আহ্বান করা মতবিনিময় সভাতেও জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
নির্বাচন কমিশন আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে। তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রথম দিন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়ের কথা রয়েছে।
এই সংলাপে অংশগ্রহণের বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় ঐক্যের শরিকদের দাবিদাওয়া অনেক ক্ষেত্রেই অভিন্ন। তাই নির্বাচন কমিশনের সঙ্গেও সম্মিলিতভাবে আলোচনা করতে চান তাঁরা।
এ বিষয়ে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের নেতারা জানান, সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপ এবং নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে জোটের শরিকদের মধ্যে আরও আলোচনা হবে।
এই দুই সংলাপে অংশগ্রহণের পদ্ধতি ও পরবর্তী করণীয় চূড়ান্ত করতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে শরিক দলগুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।














মন্তব্যসমূহ