গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট পয়েন্ট এবং কাস্টমার কেয়ার সেন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, অন্যত্র অর্থ পাঠানো কিংবা বিল পরিশোধ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় এক ডিস্ট্রিবিউশন কর্মকর্তার দাবি, লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে এসব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ দেখা যায়। কিছু দোকান খোলা থাকলেও সেখানে লেনদেন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
জেলা শহরের প্রধান কাস্টমার কেয়ার সেন্টারগুলোর অবস্থাও একই। সকাল থেকে সেবা নিতে আসা অনেকেই অফিস বন্ধ পেয়ে ফিরে গেছেন। এজেন্ট পয়েন্টের পাশাপাশি ডিস্ট্রিবিউশন অফিসগুলোতেও তালা ঝুলতে দেখা গেছে।
কাস্টমার কেয়ার সেন্টারে এসে সেবা না পাওয়া গ্রাহক জিল্লুর রহমান বলেন, 'সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ বা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। এখন জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাব, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।'
লেনদেন বন্ধ থাকার পাশাপাশি কিছু গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে বন্ধ হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম জানান, বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও সমস্যার কারণ জানতে পারেননি।
রফিকুল ইসলাম বলেন, 'গতকাল রাত থেকেই আমার বিকাশে লেনদেন করতে পারছি না। কল সেন্টারে ফোন দিলাম তারা কোনো তথ্য বা কারণ জানাতে পারেনি। আজকে দুপুরে আমার নম্বরে একটা ম্যাসেজ এসেছে ‘ দুঃখিত স্যার আপনার একাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে’। এই অবস্থায় আমি চরম ভোগান্তিতে পড়েছি। বিকাশেই আমি লেনদেন করি। আমার অর্থের প্রয়োজন, সব টাকা বিকাশে আমার।'
মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। তাঁদের দৈনন্দিন কেনাবেচার অর্থ লেনদেন ব্যাহত হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব বলেন, 'আমাদের প্রতিদিনের ব্যবসার লেনদেন বিকাশ আর নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় আমরা টাকা ক্যাশ আউট করতে পারছি না। কিছু নম্বর এখনও বন্ধ হয়নি। সেটা দিয়েই আপাতত কাজ চালাচ্ছি।'
এদিকে সেবা বন্ধ থাকার কারণ নিয়ে গ্রাহকদের মধ্যেও নানা আলোচনা চলছে। ভুক্তভোগী কিশোর বালা ধারণা করছেন, নিরাপত্তা শঙ্কা কিংবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসগুলো সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে পারে। তবে তাঁর এই ধারণার পক্ষে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সেবা বন্ধের বিষয়ে জানতে চাইলে স্থানীয় এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক এশিয়া পোস্টকে জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, আগামী ৩০ নভেম্বর থেকে কার্যক্রম পুনরায় চালু হতে পারে। তবে ওই দিন সেবা চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি তিনি।














মন্তব্যসমূহ