ভেনেজুয়েলায় পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে আঘাত হানা ভূমিকম্পে দেশটির লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষের হিসাবে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন অবস্থায় রয়েছেন।
বিধ্বস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনায় কারাকাস ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা পেয়েছেন ২৩ হাজার ৮২০ জন। দুর্গতদের আশ্রয়ের জন্য ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি পরাঘাত অনুভূত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ