নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেড উন্নয়ন, মজুরি পুনর্মূল্যায়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের কারণে তিনটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই দিনে বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে চাষাঢ়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী, পঞ্চবটী ও মাসদাইর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন একই গ্রেডে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের গ্রেড উন্নীত করতে হবে। পাশাপাশি ছুটির বিপরীতে প্রাপ্য সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কর্মরত থাকার পরও অনেকের গ্রেড পরিবর্তন হয়নি। এতে তাঁদের প্রত্যাশিত মজুরি ও অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এসব দাবি বাস্তবায়নের জন্যই তাঁরা আন্দোলনে নেমেছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
তিনি বলেন, শ্রমিকদের অন্যতম দাবি হলো জ্যেষ্ঠ ও দক্ষ কর্মীদের গ্রেড উন্নয়ন এবং ছুটির পুরো টাকা পরিশোধ। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকরাও পদ ও মজুরির স্তর পরিবর্তনের দাবি জানিয়েছেন।
তবে আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা।
তাঁদের দাবি, কারখানা বন্ধ হয়ে গেলেও চাকরির মেয়াদ অনুযায়ী প্রাপ্য সার্ভিস বেনিফিট এখনো পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন ধরে পাওনা অর্থ না পাওয়ায় শ্রমিকরা আন্দোলন করছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, বন্ধ কারখানাটির শ্রমিকরা বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
শ্রমিক অসন্তোষের কারণে ফতুল্লা ও চাষাঢ়ার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, বিশেষায়িত পুলিশ ইউনিট ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশও নজরদারি চালায়।
অন্যদিকে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গ্রেড পরিবর্তন, প্রাপ্য সুবিধা এবং বকেয়া অর্থ পরিশোধ নিয়ে শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।














মন্তব্যসমূহ