প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছেন দেশটির ৪০ বছর বয়সী নভোচারী মোহাম্মদ জিশান আলী। একই অভিযানে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম বিদেশি নভোচারী হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেন তিন নভোচারী।
উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে মহাকাশযানটি। এরপর স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয় শেনঝৌ-২৪। উৎক্ষেপণ থেকে সংযুক্ত হতে সময় লাগে ৩ ঘণ্টা ৩৮ মিনিট।
জিশান আলীর সঙ্গে অভিযানে অংশ নিয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নভোচারী তাং হংবো। উ ই দায়িত্ব পালন করছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। আর পাকিস্তানের জিশান আলী মহাকাশযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
তাং হংবো এর আগে শেনঝৌ-১২ ও শেনঝৌ-১৭ অভিযানে অংশ নিয়েছিলেন। নতুন অভিযানের মাধ্যমে তিনি তৃতীয়বার তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে উ ই ও জিশান আলীর জন্য এটি প্রথম মহাকাশযাত্রা।
জিশান আলীর ঐতিহাসিক যাত্রাকে পাকিস্তানের মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
উৎক্ষেপণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে চীনে উপস্থিত ছিলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই অভিযানকে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে নতুন যুগের সূচনা হিসেবে বর্ণনা করেন।
তাঁর মতে, জিশান আলীর এই যাত্রার মধ্য দিয়ে পাকিস্তানের পতাকার পাশাপাশি দেশটির প্রায় ২৬ কোটি মানুষের স্বপ্নও মহাকাশে পৌঁছেছে।
অভিযান চলাকালে জিশান আলী প্রায় এক সপ্তাহ তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। এই সময়ে চীনা নভোচারীদের সঙ্গে কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর পরিকল্পনা অনুযায়ী, এসব গবেষণার মধ্যে রয়েছে মহাকাশে অণুশৈবালের উৎপাদন ও ব্যবহার নিয়ে পরীক্ষা। ভবিষ্যতের দীর্ঘমেয়াদি অভিযানে খাদ্য এবং অক্সিজেন উৎপাদনে অণুশৈবাল কতটা কার্যকর হতে পারে, তা যাচাই করা হবে।
এ ছাড়া মহাকাশের পরিবেশ কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব ফেলে, সেটিও পরীক্ষা করা হবে। পুরো অভিযানে চীনের পক্ষ থেকে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পাকিস্তানের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি অবশ্য শুরু হয়েছিল আগেই।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও চীনের মহাকাশ সংস্থার মধ্যে নভোচারী নির্বাচন, প্রশিক্ষণ এবং মহাকাশ স্টেশন অভিযানে অংশগ্রহণের বিষয়ে সহযোগিতা চুক্তি হয়।
সেই চুক্তির আওতায় পাকিস্তানি প্রার্থীদের মধ্য থেকে মোহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।
চীনের মহাকাশ কর্মসূচির অধীনে প্রশিক্ষণ শেষে জিশান আলী শেনঝৌ-২৪ অভিযানে অংশ নেওয়ার সুযোগ পান। এই সহযোগিতার মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারীকে নিজেদের মহাকাশ স্টেশনে পাঠাল চীন।
মহাকাশযাত্রার আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জিশান আলী চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণ হলেও এটিকে তিনি শেষ অর্জন হিসেবে দেখছেন না। বরং চীন ও পাকিস্তানের যৌথ মহাকাশ গবেষণার নতুন যাত্রা হিসেবে বিবেচনা করছেন।
ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযান পর্যন্ত সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন ২০২২ সালের শেষ দিক থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে। দেশটি ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রও আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে মানববাহী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
মহাকাশ গবেষণায় বড় শক্তিগুলোর এই প্রতিযোগিতার মধ্যে পাকিস্তানের প্রথম নভোচারীর সফল যাত্রা দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
সূত্র : রয়টার্স














মন্তব্যসমূহ