আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে তিন দিন চলবে এ সংলাপ। এতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশের সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত রয়েছে। তবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে।
এর আগে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ভোটের সম্ভাব্য তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তার তালিকা প্রকাশ করা হয়।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি ২০২৭। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন পরিচালনা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে কমিশন।
নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।














মন্তব্যসমূহ