কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও নাশকতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পরিকল্পনা রয়েছে তাঁর। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুপুরে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বৈঠকে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখলেও সংলাপে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরবে দলটি।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক তালিকায় পরিবর্তন আসতে পারে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আমন্ত্রিত নেতাদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সংলাপ আয়োজনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও সরকারের শীর্ষ নেতা-মন্ত্রীরাও আলোচনায় উপস্থিত থাকবেন।
ক্ষমতাসীন বিএনপির একাধিক নেতার ভাষ্য, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই প্রচারণাকে কেন্দ্র করে দেশে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের ভেতরে ও বাইরের রাজনৈতিক দলগুলোকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মতো এক মঞ্চে আসার ডাক দেন তিনি।
ওই দিন সংসদ ভবনে নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গেও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শও দেন বিরোধীদলীয় নেতা।
তবে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে।
এদিকে যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ফিরে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধানের আলোচনার আহ্বানে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সাড়া দিচ্ছে এনসিপি।
তবে জাতীয় ঐক্যের জন্য সরকারের সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার উদ্যোগ নিতে হবে সরকারকে।
নাহিদ ইসলাম বলেন, শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে প্রতিরোধের জন্য ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় অতীতের অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী কীভাবে চলমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, সংলাপে তা জানতে চায় এনসিপি।
দলটির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে চারটি বিষয় সামনে আনা হয়েছে। এগুলো হলো গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, এসব মৌলিক বিষয়ে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে।
এর আগে শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দেখতে চায় তাঁদের দল।
ফলে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় সরকারের ঐক্যের উদ্যোগে এনসিপি অংশ নিলেও সাংবিধানিক সংস্কার, জুলাই সনদ এবং বিচারপ্রক্রিয়া নিয়ে দুই পক্ষের অবস্থান আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।














মন্তব্যসমূহ