স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব পর্যায়ের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্যসেবাকে আরও বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রীয় পর্যায়ে সেবার চাপ কমিয়ে জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা বাড়ানো গেলে সাধারণ মানুষ আরও সহজে প্রয়োজনীয় সেবা পাবে।
তিনি জানান, আগামী ১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন চালু হলে স্নায়ুরোগসংক্রান্ত চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাম রোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রোগ পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও এর বিস্তার নিয়ন্ত্রণে সরকার কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। টিকাদানসহ প্রয়োজনীয় স্বাস্থ্য কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং প্রায় দুই মাস আগে থেকেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
মন্তব্যসমূহ