বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে। সেই অর্জন নস্যাৎ করতে কেউ দেশের বাইরে থেকে উসকানি দিয়ে ভেতরে অরাজকতা ও সীমান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা করলে তা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম ও দুর্নীতির মামলার আসামিদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে—এমনটি তাঁরা বিশ্বাস করতে চান না। ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া হবে না উল্লেখ করে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।














মন্তব্যসমূহ