ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে পালানো আওয়ামী লীগ কর্মীরা অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। দেশে অরাজকতা, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালি পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন। প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে। সেই অর্জন নস্যাৎ করতে কেউ দেশের বাইরে থেকে উসকানি দিয়ে ভেতরে অরাজকতা ও সীমান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা করলে তা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে; এ বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকা উদ্বেগজনক। তিনি আরও বলেন, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম ও দুর্নীতির মামলার আসামিদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে—এমনটি তাঁরা বিশ্বাস করতে চান না। ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া হবে না উল্লেখ করে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান এবং নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয় নেতাকর্মী ও জনগণকেও সতর্ক থাকতে হবে। সীমান্তে আতঙ্ক নয় বরং সতর্কতা ও নিরাপত্তা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনো আপস করা হবে না।

ভারতে পালানো আওয়ামী লীগ কর্মীরা অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে: প্রিন্স