গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চলমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কটাক্ষ করে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’
তাঁর এই পোস্টে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা ও প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশের অন্তত ২১ জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে; যার মধ্যে গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি।
ধারাবাহিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের দাবি জোরালো হয়ে উঠেছে।














মন্তব্যসমূহ