রাজধানীর ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা শুক্রবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও কৌঁসুলি হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের ৭ দিন এবং বাকি দুজনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে সাবেক সচিব মিজানুর রহমানকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে অভিনেতা আরিফ মাহমুদ তমালকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতার তিনজন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে বলে তদন্তে তথ্য মিলেছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারীদের কাছে পৌঁছে দিতেন। পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, অর্থের উৎস উদ্ঘাটন এবং অস্ত্র উদ্ধারের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে বলা হয়।














মন্তব্যসমূহ