নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আগুন ধরে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিনগত রাতে জেলার বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংক শাখা এবং পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পলাশের জিনারদী ইউনিয়নে বাড়াচর গ্রামীণ ব্যাংক শাখায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরপর দুটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, রাতে শব্দ ও পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে আগুন দেখেন এবং কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে তা নেভান। জিনারদী শাখার ম্যানেজার সুমি বলেন, ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পলাশ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, একটি বোমায় অল্প আগুন জ্বললেও অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং জিডির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই রাতে বেলাবোর গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংক শাখায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ছুড়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। ওই শাখার ব্যবস্থাপক মো. নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ভবনের ওপরের তলায় থাকাকালে বিষয়টি টের পান; আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র নষ্ট হয়নি এবং এ ঘটনায় বেলাবো থানায় একটি জিডি করা হয়েছে। বেলাবো থানার ওসি (তদন্ত) সরল মরমু জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কারা কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।














মন্তব্যসমূহ