উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের তদারকিতে দেশটির নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার ডেস্ট্রয়ার কাং কন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে রোববার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কেসিএনএ জানায়, শুক্রবার কাং কন ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রধান নৌ-কামান, স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম। যুদ্ধজাহাজটিতে সংযুক্ত বিভিন্ন অস্ত্রব্যবস্থা যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে, তা যাচাই করাই ছিল এ পরীক্ষার মূল উদ্দেশ্য।
পরীক্ষা শেষে কিম জং উন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুদ্ধজাহাজটির বাকি পরীক্ষা দ্রুত শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে কাং কনকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়া কাং কন ডেস্ট্রয়ার থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে তারা শনাক্ত করেছে। এ ঘটনা উত্তর কোরিয়ার নৌক্ষমতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে কাং কন যুদ্ধজাহাজটি প্রথম উদ্বোধনের সময় দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে মেরামতের পর সেটি আবার পরীক্ষামূলক কার্যক্রমে যুক্ত করা হয়। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে শুধু স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র নয়, নৌবাহিনীকেও আধুনিক ও আক্রমণক্ষম করে তুলতে জোর দিচ্ছে।
কিম জং উন দেশটির প্রতিরোধক্ষমতা ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আধুনিক নৌক্ষমতা গড়ে তোলা উত্তর কোরিয়ার সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
সূত্র: কেসিএনএ, রয়টার্স














মন্তব্যসমূহ