অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় সরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। একই সঙ্গে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফরের পাশাপাশি মালয়েশিয়াতেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
এই সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতারা।
পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।














মন্তব্যসমূহ