প্রায় ৮০ বছরের দীর্ঘ অপেক্ষার পর পাবনা থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে নতুন এই রেলসেবা উদ্বোধন করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। আগামী ২০ নভেম্বর থেকে এ রুটে নিয়মিত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ফিতা কেটে সরাসরি ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী যাত্রায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পাবনা প্রভাতী এক্সপ্রেস।
নতুন এই রেল যোগাযোগ চালুর মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন শেখ রবিউল ইসলাম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দের মুহূর্ত। অল্প সময়ে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে সরকারের। এ অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরাও জনগণের আস্থার মর্যাদা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের রেলের মান, সেবা ও যাত্রা আগামী দিনে আরও উন্নত ও নিরাপদ হবে, ইনশাআল্লাহ।’
তিনি জানান, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করা, নিরাপত্তা বাড়ানো এবং রেলপথের নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে।
রেলওয়ের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) থেকে ঢাকা-পাবনা রুটে বাণিজ্যিকভাবে চলাচল করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।
সূচি অনুসারে, পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসবে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
দীর্ঘদিন পর রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় পাবনার যাত্রীদের যাতায়াতে নতুন সুবিধা যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এবং রেলসচিব ফাহিমুল ইসলাম।
এ ছাড়া পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ