জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গড়ে তোলা এবং আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দুটি পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের এসব অবস্থান তুলে ধরা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
গত ১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ বক্তব্য দেন তিনি।
সেখানে নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের লাখো মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব সংকট তৈরি করেছে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত ক্ষতির কারণে মানুষের বসতবাড়ি, সম্পদ ও জীবিকা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সামাজিক সম্পর্ক, পারস্পরিক বন্ধন এবং মানসিক সুস্থতাও প্রভাবিত হচ্ছে।
এসব ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
পাশাপাশি জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি বা ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের প্রতিনিধি।
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও জোর দেন নাভিদ শফিউল্লাহ। তিনি বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শুধু নীতিগত প্রতিশ্রুতির বিষয় নয়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব পরিবর্তন আনার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।
জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ১৮ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় কপ-৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক বা জিএসটি-২ কার্যক্রমের সূচনা করা হয়।
বক্তব্যে তিনি বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি মূল্যায়নে বিজ্ঞানভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের প্রতিনিধি বলেন, জলবায়ু কার্যক্রমের আন্তর্জাতিক মূল্যায়নে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্যের পাশাপাশি বিভিন্ন দেশের নিজস্ব বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা ও প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে।
একই সঙ্গে জলবায়ু লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়ায় সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করা এবং দেশভেদে বাস্তব পরিস্থিতির পার্থক্য বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, কপ-৩১-এর এই দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের মূল্যায়নে ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়ে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।














মন্তব্যসমূহ