প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একমাত্র বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সীমান্ত ঘেঁষা উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং (পিএমও) সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষাক্রম ও অবকাঠামোগত অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন স্মারক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। সফরসূচির শুরুতে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়টির আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং পরে ক্যাম্পাস পরিদর্শন করেন।দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দিনব্যাপী নির্ধারিত সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।


















মন্তব্যসমূহ