ক্যানসারে আক্রান্ত কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে দেশের শহর ও গ্রামের সব নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার বিষয়টি মূল প্রতিপাদ্য হিসেবে গুরুত্ব পায়।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিরোধযোগ্য ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ জন্য শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের নারীদেরও ক্যানসার পরীক্ষার আওতায় আনতে হবে।
চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেবল বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় হাসপাতালেও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের অনেক নারী এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান এই ব্যবধান বৈষম্যেরই প্রতিফলন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বৈষম্য দূর করা সম্ভব।
ক্যানসার আক্রান্ত রোগীদের প্রতি অবহেলা না করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা বলেন, প্রত্যেক রোগীর চিকিৎসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
পাশাপাশি দেশপ্রেম ও মানবিক দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের কল্যাণে চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।














মন্তব্যসমূহ