জাতীয় সংসদ ভবনকে শিগগিরই সম্পূর্ণ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।’
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে।’
পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, নতুন গ্যাসের সন্ধান পাওয়া এবং দেশীয় কয়লার যথাযথ ব্যবহারের সঙ্গে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর বিদ্যমান চাপ অনেকটাই কমবে।
এ সময় দেশের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকারপ্রধান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে এসব সম্পদের যথাযথ ব্যবহারের দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
বিদ্যুতের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা ও মেধা বিকাশের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিচর্চায় অংশ নেওয়া প্রয়োজন।
শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, চিত্রাঙ্কন, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সরকারের নেওয়া উদ্যোগগুলো সফল করা সম্ভব হবে।
ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষায় দক্ষতা অর্জনের পরামর্শ দেন। তাঁর মতে, একাধিক ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে আসেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী সংসদ পরিদর্শন করেন।
সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডিইউএসএপি) ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থীও সংসদ ভবনে আসেন।
পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান।














মন্তব্যসমূহ