আন্তর্জাতিক ইনকামিং কলসেবা থেকে অর্জিত প্রায় ২৫৯ কোটি ৬২ লাখ টাকা দেশে না এনে অর্থ পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য তিন আসামি হলেন নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি এবং রাতুল টেলিকমের পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লব।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের তদন্ত অনুযায়ী, রাতুল টেলিকমের মাধ্যমে ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মাসে আন্তর্জাতিক কলসেবা বাবদ অর্জিত ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ মার্কিন ডলার বাংলাদেশে আনা হয়নি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা ৫৬ পয়সা।
তদন্তে উঠে আসে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আন্তর্জাতিক গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করত রাতুল টেলিকম। নির্ধারিত ১৪ মাসে প্রতিষ্ঠানটি মোট ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ দশমিক ২৬ মিনিট আন্তর্জাতিক ইনকামিং কল গ্রহণ করে।
প্রতি মিনিট কলের মূল্য শূন্য দশমিক ০৩০ মার্কিন ডলার হিসাবে প্রতিষ্ঠানটির মোট ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ দশমিক ২৭ ডলার দেশে আনার কথা ছিল।
কিন্তু সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় রাতুল টেলিকমের বৈদেশিক মুদ্রা ও চলতি হিসাবের তথ্য যাচাই করে দুদক দেখতে পায়, ওই সময়ে দেশে এসেছে মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ দশমিক ৭৫ ডলার। অবশিষ্ট অর্থ দেশে প্রত্যাবাসন করা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
দুদকের নথিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ে রাতুল টেলিকমের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দা আরজুমান বানু। অন্যদিকে এস আমরীন রাখি প্রতিষ্ঠানটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে এবং মো. মাসুদুর রহমান বিপ্লব পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
তদন্তকারীদের অভিযোগ, তাঁদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে না এনে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে। তদন্তে এ অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধেও তদন্তে পৃথক অভিযোগ উঠে এসেছে। দুদকের দাবি, সংশ্লিষ্ট সময়ে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিজের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে স্ত্রী ও মেয়েকে অর্থ পাচারে সহযোগিতা করেছেন।
এ কারণে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৫ সালের ১৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৪৯। প্রাথমিকভাবে মামলার এজাহারে আসামি ছিলেন সৈয়দা আরজুমান বানু, এস আমরীন রাখি ও জাহাঙ্গীর কবির নানক।
পরবর্তী তদন্তে রাতুল টেলিকমের পরিচালক ও শেয়ারহোল্ডার মো. মাসুদুর রহমান বিপ্লবের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাঁকেও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের অনুমোদিত অভিযোগপত্রে চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অন্তর্ভুক্ত রয়েছে।














মন্তব্যসমূহ