বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত হিসাবে তা বেড়েছে ১০ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী জানান, বৈধ পথে প্রবাসী আয় বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সরকার বেশ কিছু নীতিগত পরিবর্তন ও সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এ প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার ঐতিহাসিক উদ্যোগ প্রথম নিয়েছিলেন জিয়াউর রহমান।
রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে হুন্ডি প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রম সহজ করা, অর্থ পাঠানোর খরচ কমানো এবং প্রাপকের কাছে দ্রুত অর্থ পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশের তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট প্রতিষ্ঠার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ছে।
এ ছাড়া বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা তৈরি হওয়ায় অর্থ স্থানান্তরের ব্যয় কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য সরকারের নগদ প্রণোদনা কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে নিয়মিত এই সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
রেমিট্যান্স পাঠানোর নিরাপদ ও সাশ্রয়ী ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর সুযোগ তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সার্কুলার জারি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী আয় দেশে পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন প্রযুক্তি, আধুনিক ধারণা এবং নিরাপদ লেনদেনব্যবস্থা নিয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে এসব উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।














মন্তব্যসমূহ