কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের মধ্যে কর্মীদের কাজের ধরন ও সাংগঠনিক কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এরই অংশ হিসেবে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এটি বাধ্যতামূলক ছাঁটাই নয়। যোগ্য কর্মীরা চাইলে নির্ধারিত সুবিধা নিয়ে প্রতিষ্ঠান ছেড়ে যেতে পারবেন।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানিয়েছেন, এআইয়ের কারণে ভবিষ্যতে চাকরির সুযোগ পুরোপুরি হারিয়ে যাবে, এমন নয়। বরং কাজের দায়িত্ব, দলের আকার এবং কর্মপদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
সম্প্রতি ‘দ্য প্রাগম্যাটিক ইঞ্জিনিয়ার’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নাদেলা। সাক্ষাৎকারটি ১৬ নভেম্বর প্রকাশিত হয়।
নাদেলার মতে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মাইক্রোসফটকে নতুনভাবে কর্মী ও দলগুলোর দায়িত্ব নির্ধারণ করতে হচ্ছে। কিছু দলের আকার পরিবর্তিত হতে পারে। একই সঙ্গে এআই-সম্পর্কিত নতুন ধরনের কাজের সুযোগও তৈরি হচ্ছে।
তিনি স্বীকার করেন, চাইলেও কর্মীদের নিশ্চয়তা দিতে পারছেন না যে ভবিষ্যতে সবকিছু আগের মতো থাকবে। তবে প্রতিষ্ঠানের দুই লাখের বেশি কর্মী যেন নতুন দক্ষতা অর্জন করে পেশাগত উন্নতির সুযোগ পান, সেটিই তাঁর প্রত্যাশা।
গত ২৬ অক্টোবর মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে নতুন ‘ভলান্টারি এক্সিট অফার’ কর্মসূচি ঘোষণা করে। প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।
এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের নির্দিষ্ট বিভাগের যোগ্য কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানের ‘লেভেল ৭০’ এবং এর নিচের স্তরের কর্মীদের জন্য প্রস্তাবটি প্রযোজ্য।
আগের স্বেচ্ছা অবসর কর্মসূচির মতো এবার বয়স, চাকরির মেয়াদ কিংবা কর্মদক্ষতার রেটিংয়ের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে না।
যোগ্য কর্মীদের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। প্রস্তাব গ্রহণকারীরা চলতি বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠান ছাড়তে পারবেন বলে জানানো হয়েছে।
মাইক্রোসফট বলছে, কর্মীদের সামনে বিকল্প পেশাগত পথ বেছে নেওয়ার সুযোগ তৈরি করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী কর্মী কাঠামো পরিবর্তনের সুযোগও পাচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে এআইয়ের কারণে সরাসরি কর্মী ছাঁটাই করা হচ্ছে, এমন কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে প্রতিষ্ঠানটির বিপুল বিনিয়োগ এবং কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের বিষয়টি আলোচনায় এসেছে।
গত দুই বছরে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ১৫ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করে।
এরপর ২০২৬ সালের শুরুতে প্রথম স্বেচ্ছা অবসর কর্মসূচির আওতায় প্রায় ৮ হাজার ৭৫০ জন মার্কিন কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। একই বছরের জুলাই মাসে আরও প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করা হয়।
এদিকে এআইয়ের প্রভাবে শুধু কর্মীসংখ্যা নয়, সফটওয়্যার প্রকৌশলীদের কাজের ধরনেও পরিবর্তন আসছে বলে মনে করেন নাদেলা।
তাঁর মতে, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকেও কাজের পদ্ধতি নতুনভাবে সাজাতে হবে।
মাইক্রোসফটের বর্তমান উদ্যোগের মাধ্যমে প্রায় ৬০ হাজার কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ পেলেও সবাই প্রতিষ্ঠান ছাড়বেন, এমন নয়। কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্মীদের ওপর নির্ভর করবে।














মন্তব্যসমূহ