যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটনের সামনে কঠোর সাত দফা শর্ত তুলে ধরেছে তেহরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উদ্ভূত নতুন সামরিক ও ভূরাজনৈতিক বাস্তবতা স্বীকার করে নিয়ে তেহরানের নির্ধারিত সাতটি শর্ত মেনে নেওয়ার সময় এসেছে ওয়াশিংটনের। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ফলপ্রসূ আলোচনা ছাড়াই তথাকথিত ‘কাল্পনিক আলোচনার ভিত্তিহীন খবর প্রচার’ অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছেন তিনি।
এর আগে ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে ইরানের যুদ্ধ সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে ওয়াশিংটন আপাতত সরাসরি বিমান হামলা সীমিত রাখলেও তেহরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ অব্যাহত রাখবে বলে জানান ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, একতরফা সামরিক অভিযান ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে চাপ সৃষ্টি করে ইরানে যুদ্ধ শেষ করা অসম্ভব; স্থায়ী শান্তি চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
সামরিক বাহিনীর অবস্থান পুনর্ব্যক্ত করে জেনারেল রেজাই জানান, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে মার্কিন প্রশাসন নিজেরাই বহুমুখী সংকটে পড়েছে। তেহরানের উত্থাপিত সাতটি মূল শর্তের মধ্যে রয়েছে—গাজা, লেবানন ও ইয়েমেনসহ সব ফ্রন্টে অবিলম্বে মার্কিন ও মিত্রদের সামরিক অভিযান বন্ধ; জব্দকৃত ইরানি রাষ্ট্রীয় সম্পদ নিঃশর্তে অবমুক্তকরণ; আরোপিত সব অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার; বিতর্কিত নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া; মধ্যপ্রাচ্যের পানিসীমা ও আকাশসীমা থেকে মার্কিন নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার; সাম্প্রতিক যুদ্ধের সার্বিক ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের বিরুদ্ধে যেকোনো প্রকার সামরিক হুমকি ও আক্রমণাত্মক বক্তব্য স্থায়ীভাবে বন্ধ করা। ইরানি নীতিনির্ধারকদের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত কার্যকর হওয়ার আগে বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা কিংবা ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সমঝোতায় যাওয়ার প্রশ্নই ওঠে না।
এদিকে সংঘাতের আঁচে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে সোমবার মদিনা অঞ্চলে দেশটির অত্যন্ত কৌশলগত পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার ঘটনায় সীমিত অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবরুদ্ধ থাকায় বিকল্প হিসেবে ব্যবহৃত এই পাইপলাইনটি আক্রান্ত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্র: আলজাজিরা














মন্তব্যসমূহ