দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে একটি মহেশখালীর সমুদ্র উপকূলে এবং বাকি দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক টার্মিনাল হিসেবে নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
রোববার (৮ নভেম্বর) মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) আওতাধীন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
এদিন দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মহেশখালী ও মাতারবাড়ীর গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখে।
প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে।
পরিদর্শন শেষে মুখ্য সচিব জানান, দেশের জ্বালানি চাহিদা পূরণ ও চলমান সংকট নিরসনে মহেশখালী উপকূলকে কেন্দ্র করে নতুন এলএনজি অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, সমুদ্র উপকূলে একটি এলএনজি টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ীতে আরও দুটি স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাতারবাড়ীর চলমান উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি জানান, প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরির সুযোগসহ বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ শেষ হলে দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ