রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি সোনার চেইন, গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট ৫০টি মামলা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৮ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে আটক করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪ হাজার ৭১১ পিস ইয়াবা। এ ছাড়া দুটি সোনার চেইন, একটি প্রাইভেট কার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিসি মো. আকতার হোসেন জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।














মন্তব্যসমূহ