বিএনপি গণঅভ্যুত্থান এবং গণভোটের ঐতিহাসিক গণরায়ের সাথে চরম প্রতারণা করেছে বলে তীব্র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, বর্তমানে বিএনপি যে সরকার পরিচালনা করছে, তা মূলত পেশিশক্তি ও ‘গায়ের জোরে’ ক্ষমতায় টিকে রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সামনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি দেশজুড়ে রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। তৃণমূল পর্যায়ে নির্বাচনে অংশ নিতে দলটি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্ষমতাসীন দলের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘গায়ের জোরে কেউ বেশি দিন রাষ্ট্রক্ষমতায় আঁকড়ে থাকতে পারে না, অতীতেও স্বৈরাচাররা পারেনি। বিএনপি যদি পুরো পাঁচ বছর সরকার পরিচালনা করতে চায়, তবে তাদের অবশ্যই গণভোটের রায় এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতীক "জুলাই সনদ" পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।’
রাজনৈতিক ঐক্যের বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কারা দেশে অনৈক্য তৈরি করেছে, তা জাতির খতিয়ে দেখা দরকার। ৫ আগস্টের পর থেকেই একটি বিশেষ দল দেশ পরিবর্তন বা প্রাতিষ্ঠানিক রাষ্ট্র সংস্কারের কথা না ভেবে কেবল নিজেদের ক্ষমতা ও সিংহাসনে বসার ধান্দায় ব্যস্ত ছিল। তারাই মূলত বিভেদ সৃষ্টি করেছে। আজ যখন তারা আওয়ামী লীগের প্রতিবিপ্লব সামাল দিতে পারছে না, তখন হঠাৎ করে ঐক্যের বুলি আওড়াচ্ছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে রাজপথে রক্ত দিয়ে বিতারিত করা, নিষিদ্ধ করা ও বিচারের মুখোমুখি করার সব ঐতিহাসিক অর্জন এসেছে তরুণ ছাত্র আন্দোলনের হাত ধরে। বিপরীতে বিএনপি এ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কী শক্ত পদক্ষেপ নিয়েছে?’
বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের আগেও আমরা দেখেছি এবং এখনো দেখছি—আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এক ধরনের গোপন রাজনৈতিক সমঝোতা চলছে। এই আত্মঘাতী অবস্থান থেকে বিএনপির অবিলম্বে বেরিয়ে আসা উচিত। অতীতে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তার কঠিন মাশুল কিন্তু বিএনপিকেই দিতে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ ১৬ বছর নির্বাসনে কাটাতে হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবন্দি থেকে নিজের জীবন নিঃশেষ করতে হয়েছে।’
তিনি হুঁশিয়ার করে বলেন, অতীতের সেই করুণ ইতিহাস থেকে বিএনপি যদি এখনো শিক্ষা নিতে ব্যর্থ হয়, তবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। মতবিনিময় পর্ব শেষে নেতারা জেলা পরিষদ হলরুমে আয়োজিত দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণী আঞ্চলিক সমন্বয় সভায় অংশ নেন।














মন্তব্যসমূহ