কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত ৯টার পর থেকে সীমান্তের ওপার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন ভেসে আসে। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তবর্তী এলাকার অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে।
সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, রাত ৯টার পর থেকেই ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। বিশেষ করে শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হয়। এতে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু বলেন, বিকট বিস্ফোরণের শব্দ টেকনাফ শহর পর্যন্ত স্পষ্ট শোনা গেছে। একই সঙ্গে নাফ নদীর ওপার থেকে মাঝেমধ্যে আগুনের ঝলকানি দেখা যাচ্ছিল, যা কিছুক্ষণ পর আবার মিলিয়ে যায়। এতে স্থানীয়দের উদ্বেগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দে অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি দেখা গেছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত মিয়ানমারের বিমানবাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত ২৭টি বোমা নিক্ষেপ করেছে।
এর আগেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের সময় টেকনাফ সীমান্তে একই ধরনের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সীমান্ত পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বিরাজ করছে।
মন্তব্যসমূহ