সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরপর সেগুলো নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে নিয়ে যাওয়া হবে।
গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে প্রথম দফায় নয়জনের মরদেহ ২৭ আগস্ট দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
বাকি সাতজনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গিয়েছিল যে, তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার তাঁদের মরদেহ দেশে আনা হলো।
মন্তব্যসমূহ