উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে।
ফল প্রকাশের আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত ২৭ অক্টোবরের সংশোধিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ সময়সূচি জানানো হয়।
অনলাইনে যেভাবে ফল জানবেন
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Result’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
ইন্টারনেট ব্যবহার ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে নির্দিষ্ট ফরম্যাটে বার্তা পাঠাতে হবে।
বার্তা লেখার নিয়ম হলো, প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর
ফল প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে কোনো ফলাফল সরবরাহ করা হবে না।
অন্যদিকে, প্রকাশিত ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্যসমূহ