মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলার ৬৪ সেন্টে পৌঁছেছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। লেনদেনের একপর্যায়ে দাম ১১৮ ডলারও অতিক্রম করে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরান যুদ্ধ আরও তীব্র হতে পারে—বিনিয়োগকারীদের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। প্রায় ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধির পর প্রতি ব্যারেল তেলের মূল্য দাঁড়িয়েছে ১০৪ ডলার ১২ সেন্টে।
সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির আগে অক্টোবর মাসজুড়েও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তির দিকে ছিল। মাসটিতে ব্রেন্ট ক্রুডের মূল্য মোট ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ানোর পেছনে হরমুজ প্রণালির সাম্প্রতিক ঘটনাগুলোও ভূমিকা রাখছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে তেলবাহী ট্যাংকার ঘিরে একের পর এক ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক দিনের মধ্যে সুপারট্যাংকারকে কেন্দ্র করে চারটি ঘটনা ঘটেছে। সংস্থাটির দাবি, এর মধ্যে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ট্যাংকার দুটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: রয়টার্স।
মন্তব্যসমূহ