আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আবারও পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় শীর্ষে থাকা জো রুটকে পেছনে ফেলে এক নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
গত সপ্তাহেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছিলেন রুট। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে ২১ ও ১৮ রানের ইনিংস খেলার পর দুই ধাপ পিছিয়ে গেছেন তিনি। একই ম্যাচে হ্যারি ব্রুক ৫৮ ও ২১ রান করলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
অন্যদিকে অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে টেস্ট না খেললেও অন্য ব্যাটারদের পারফরম্যান্সের প্রভাবেই দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন ট্রাভিস হেড।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। তবে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যর্থতার কারণে তিনি তিন ধাপ পিছিয়েছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ধাপ নেমে ৩০তম স্থানে গেছেন। চোটের কারণে না খেলায় লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৬তম অবস্থানে আছেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। চোটের কারণে ট্রেন্ট ব্রিজ টেস্টে খেলতে না পারায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরি দুই ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন। কোনো ম্যাচ না খেলেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।
সেরা দশে বড় পরিবর্তন না থাকলেও বাংলাদেশের তাইজুল ইসলাম এক ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে ক্যারিয়ার শেষ করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
মন্তব্যসমূহ