কৃষি, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, পর্যটন ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে স্পেনের মালাগা শহরের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) স্পেনের মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে দুই পক্ষের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময়, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশীদারত্ব, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতি বিশেষ গুরুত্ব পায়।
আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়টিও তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। এ ক্ষেত্রে স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালাগার পৌর সরকারের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
দুই পক্ষের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বাস্তবায়িত হলে কৃষি, প্রযুক্তি, শিক্ষা, পর্যটন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে মালাগা শহরের যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
মন্তব্যসমূহ