ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও ডানপন্থিদের নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে শক্তিশালী জাতীয় ডানপন্থি সরকার গঠনের প্রত্যয় জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন নেতানিয়াহু।
তিনি বলেন, তাঁর দল এখনো ইসরায়েলের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে রয়েছে। নেতানিয়াহুর ভাষায়, ‘আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় ডানপন্থি সরকার গড়ব।’
তবে নির্বাচনের পর প্রকাশিত বুথফেরত জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। জরিপের সর্বশেষ সংশোধিত হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে আসনসংখ্যায় সমতা দেখা যাচ্ছে।
দেশটির দুটি প্রধান সম্প্রচারমাধ্যমের সংশোধিত পূর্বাভাস অনুযায়ী, উভয় জোটই ১২০ আসনের নেসেটে ৫১টি করে আসন পেতে পারে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক বুথফেরত জরিপে বিরোধী জোট এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে পরবর্তী সময়ে জরিপের হিসাব হালনাগাদ হলে নেতানিয়াহুর জোটের অবস্থানের উন্নতি দেখা যায়।
এই পরিস্থিতিতে নেতানিয়াহু তাঁর ডানপন্থি জোটের ‘নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে বুথফেরত জরিপের ফলাফল এবং চূড়ান্ত আসনসংখ্যার মধ্যে পার্থক্য থাকতে পারে। তাই সরকার গঠনের চূড়ান্ত সমীকরণ নির্ধারণে আনুষ্ঠানিক ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সূত্র: এপি
মন্তব্যসমূহ