ইউক্রেন ইস্যুতে পোল্যান্ড ও কিয়েভের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকে কাজে লাগিয়ে রাশিয়া নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে পোল্যান্ড। দেশটির বিশেষ সেবা সংস্থাগুলো সম্ভাব্য রুশ নাশকতা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
বুধবার পোল্যান্ডের বিশেষ সেবা বিষয়ক মন্ত্রী টোমাশ সিমোনিয়াক স্থানীয় রেডিও আরএমএফ এফএমকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, পোলিশ ও ইউক্রেনীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে রাশিয়ার বিশেষ সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
সম্প্রতি পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ নাগরিকদের হত্যার অভিযোগে অভিযুক্ত বিদ্রোহীদের নামে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ইউনিটের নামকরণ নিয়ে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই পোল্যান্ড ও ইউক্রেনের সম্পর্কে টানাপোড়েন বাড়ে।
সিমোনিয়াক বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার তথ্যযুদ্ধ তীব্র হয়েছে। রুশ ট্রল ও বটগুলো অনলাইনে বিভিন্ন বিরোধ উসকে দেওয়ার চেষ্টা করছে এবং পোল্যান্ডের ডিজিটাল পরিসরে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, রাশিয়ার স্বপ্ন হলো পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে যতটা সম্ভব বেশি উত্তেজনা তৈরি করা। রুশ গোয়েন্দা সংস্থাগুলোও একই লক্ষ্যেই কাজ করছে।
পোল্যান্ডে ইউক্রেনীয়দের লক্ষ্য করে কোনো উসকানিমূলক হামলা বা নাশকতার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে সিমোনিয়াক বলেন, এমন পরিস্থিতি পুরোপুরি সম্ভব। তাঁর দাবি, রুশ সংস্থার হয়ে কাজ করা ব্যক্তিরা পোল্যান্ড-ইউক্রেন সম্পর্কের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার ওপর নজর রাখছে।
তিনি আরও জানান, এই নজরদারি শুধু সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো বা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া স্থানগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। সহায়তা সংস্থা এবং পোল্যান্ড-ইউক্রেন সহযোগিতার সঙ্গে যুক্ত অন্যান্য স্থানও তাদের আগ্রহের মধ্যে রয়েছে।
তবে পোলিশ কর্তৃপক্ষ এখনই কোনো নির্দিষ্ট হামলার পরিকল্পনা আসন্ন বলে দাবি করছে না। সিমোনিয়াক বলেন, বর্তমান উত্তেজনাকে কাজে লাগিয়ে রাশিয়া যেন কোনো ধরনের উসকানি বা নাশকতা চালাতে না পারে, সে জন্য সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড হামলা, এমনকি সরাসরি সহিংস হামলার ঝুঁকি নিয়েও উদ্বিগ্ন।
সিমোনিয়াকের ভাষায়, রাশিয়ার হাতে এ ধরনের নানা কৌশল রয়েছে এবং তারা সেগুলোর প্রস্তুতি নিচ্ছে। তাই পোল্যান্ডকে বিভিন্ন সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুত থাকতে হবে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ