ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন প্রশাসক ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং তিনি নিজের মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।
উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আদালত এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।



























