দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিতের আবেদন হাইকোর্টে

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
ঢাকা:দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে রিটটি দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। এ অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা স্থগিতসহ প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে বলে রিট সূত্রে জানানো হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, গুলশান এলাকার ডিএনসিসির ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে বিএনপি, এনসিপি, জাপাসহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটের বিষয়ে আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপে বিষয়টির অগ্রগতি নির্ধারিত হবে।





























