জামায়াত প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পৌর শহরের সাবদিয়া এলাকার বাসায় ককটেল ছোড়া হয় বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানায় দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে আতঙ্ক তৈরি, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং প্রার্থীকে চাপে রাখতে এ ধরনের হামলা চালানো হয়েছে বলে তারা মনে করেন।
জামায়াতের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং নির্বাচনী সময়ে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দলটির পক্ষ থেকে ঘটনার বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগও করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে অধ্যাপক মোক্তার আলী বলেন, কারা ঘটনাটি ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন, তবে তিনি হামলার নিন্দা জানান।
কেশবপুর থানার ওসি সুকদেব রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।



























