যাত্রীবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনা

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘পদ্মা ট্রাভেলস’ নামের বাসটি প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার দিকে যাচ্ছিল। ঠান্ডার মোড় এলাকায় সড়কের পাশে চলমান সংস্কার কাজের কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়ে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে একটি চাকা খাদে নেমে যায় এবং মুহূর্তের মধ্যে বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে যায়। এতে বাসচালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টে যাওয়ার পর যাত্রীরা ভেতরে আটকে পড়েন। অনেকে ভাঙা কাচ ঠেলে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা জানালা-দরজা খুলে ও ভেঙে আহতদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।
আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



























