ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা নিয়ে ডিএমপি কমিশনারের ব্যাখ্যা

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার সময় পুলিশ সময়মতো পৌঁছাতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, গভীর রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় দ্রুত পুলিশি সহায়তা পাঠাতে চাইলেও রাজধানীর তীব্র ট্রাফিক জ্যামের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায়, “ট্রাফিক জ্যামের কারণে আমি আমার অফিসারদের পাঠাতে পারিনি। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
একই সংবাদ সম্মেলনে যমুনা ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় প্রবেশের চেষ্টাকালে পুলিশের ‘কঠোর অবস্থান’ প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারপ্রধানের বাসভবনের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে ডিএমপি কমিশনার হিসেবে নিশ্চুপ থাকার সুযোগ নেই। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং আইজিপিকেও ফোন করে সহায়তা চান। পরে পুলিশি তৎপরতায় আন্দোলনকারীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ডিএমপি কমিশনারের এই বক্তব্যকে কেন্দ্র করে হামলার ঘটনায় পুলিশের প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
























