যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এখন আরও ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এবার সংঘাতের লক্ষ্য শুধু সামরিক স্থাপনা নয়, বরং ইরানের অর্থনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ একটি অংশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানি হামলার পর তারা তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এর মধ্যে একটি ছিল খার্গ দ্বীপের কাছে, একটি জাস্কের কাছে এবং আরেকটি ওমান উপসাগরে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব জাহাজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এবং তাদের আঞ্চলিক সহযোগীদের অর্থায়নে ব্যবহৃত একটি বড় ছায়া নেটওয়ার্কের অংশ। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই পাল্টা হামলার দাবিও এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
আপনার মতামত লিখুন