মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও জাতীয় মৎস্যসম্পদ সুরক্ষায় নদী ও উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে নদী ও সমুদ্র মোহনায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ডিম ছাড়ার পরিবেশ নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে কোস্ট গার্ড পূর্ব জোনের দায়িত্বপূর্ণ সমুদ্র ও উপকূলীয় নদীসীমায় সার্বক্ষণিক টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং, তথ্যসংবলিত লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সমুদ্র, উপকূল ও সীমান্তবর্তী নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্ব বিবেচনায় জাটকা নিধন প্রতিরোধ এবং সমুদ্রে মাছ ধরার বিভিন্ন নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাহিনীটি সবসময় তৎপর ভূমিকা পালন করছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন বা উপকূলের যেকোনো ধরনের অনিয়মের তাৎক্ষণিক তথ্য জানাতে সর্বসাধারণকে কোস্ট গার্ডের সার্বক্ষণিক জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ