জুলাই জাদুঘর ৫ আগস্টের মধ্যে খোলার দাবি নাহিদ ইসলামের; গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের আহ্বান
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গণহত্যার বিচার নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় জাদুঘর’ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি।
আজ এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, "সরকার যদি সত্যিকার অর্থে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকে, তাহলে শুধু নামকাওয়াস্তে কর্মসূচি পালন করলেই হবে না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা গণঅভ্যুত্থানের সঙ্গে আছে।"
বিবৃতিতে জুলাই জাতীয় জাদুঘর এখনো চালু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, "৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে নেবে এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করবে।"
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে হলে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় আন্দোলনের মূল লক্ষ্য ব্যাহত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মন্তব্যসমূহ